ওরা সব বুদ্ধিজীবী কেউ শিল্পী কেউ সাংবাদিক
এ আমি নিজের পরিচয় নিজে জানিনে যে ঠিক।
নামের অধিক এ আমার কোনো নেই পরিচয়
খুঁজে তো মেলেনি কিছু এমন কি আর কারু হয়?
আমার কী পরিচয় কোথায় কী করি প্রশ্ন ওঠে
বিষন্ন ধ্রুপদ এক বুকের ভেতরে মাথা কোটে।
মায়ের চুলের মত অন্ধকার খোলে তার বেণি
জন্ম নেয় শিশুসত্তা অআকখ তখনো শেখেনি।
সেই কবেকার এক লালরঙ বলেরই মতই
কথারা হারিয়ে গেলে এখানেই সে জলের অথৈ।
আশ্চর্য ধূসর নদী জেগে ওঠে চোখের গভীরে
নষ্ট হয়ে যেতে থাকি নষ্ট ভুল মানুষের ভিড়ে।
নিমজ্জিত হতে থাকি অহর্নিশ অন্ধকারে একা
এ আমার চিদাকাশে আদিগন্ত সে সুবর্ণরেখা
জলের কিনার ঘেঁষে চলে গেছে নক্ষত্রের পারে
চলে গেছে স্মৃতিমেধ প্রাগিতিহাসের অন্ধকারে।
এই হৃৎপিন্ড ছিঁড়েখুঁড়ে শেষ যে সুর্যাস্ত দেখি
সাধ্য কী তোমাকে সেই সূর্যাস্তের কবিতাটি লিখি!
EmoticonEmoticon