রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

পৈত্রিক সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান অধিকর প্রসঙ্গে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৈত্রিক সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান উত্তরাধিকার নিশ্চিত করার কথা বলেছেন। তিনি যদি এটি নিশ্চিত করার একটি আইন করিয়ে যেতে পারেন, তাতে একটি দারুণ কাজ হবে। বাঙালী নারীরা তাঁকে কৃতজ্ঞতার সাথে স্মরণের রাখবেন।

পৈত্রিক সম্পত্তিতে ছেলে-মেয়ের সমান অধিকার আইন দ্বারা নিশ্চিত হলে, তা সমাজে নারীদেরকে অর্থনৈতিকভাবে উত্তরাধিকারের ক্ষেত্রে সম-ক্ষমতায়িত করবে। আর, এর ফলে সামাজিক ক্ষেত্রেও নারী-পুরুষের সাম্যের ক্ষেত্র প্রসারিত হবে।

বর্তমানে পৈত্রিক সম্পত্তিতে ছেলেদের তুলনায় মেয়েদের উত্তারাধিকারের অংশ অনেক কম হওয়ার কারণে তারা তা দাবী করতে উৎসাহিত বোধ করে না। আশা করা যায়, সমান অধিকার নিশ্চিত হলে, পরিস্থিতির পরিবর্তন ঘটবে, এবং মেয়েরা তাদের পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকার প্রতিষ্ঠায় উৎসাহিত হবে।

আমি আমার প্রয়াত পিতার সম্পত্তির উত্তারাধিকারের বিষয়টি ফয়সলা করার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে গিয়ে সমস্যার বাস্তব রূপটি উপলব্ধি করতে পেরেছি। আমি মনে-প্রাণে চাই আমার পৈত্রিক সম্পত্তি আমার ভাই-বোনের সমানভাবে বণ্টিত হোক।

প্রচলিত অসম-অধিকারের বিধানে আমি হয়তো পুত্র হিসেবে বেশি পেতাম, কিন্তু তা সত্ত্বেও আমি চাই নতুন সম-অধিকারের বিধান হোক, এবং আমার বোনেরাও ভাইদের সমান অধিকার পাক এবং সেটি তারা ভাইদেরকে দান না করে নিজেরা ভোগ করুক।

আমি আমার ব্যক্তিগত সম্পত্তির সমগ্র কিংবা কোনো অংশ যদি আমার ছেলে-মেয়ের জন্যে বরাদ্দ করি, আমি অতি অবশ্যই দু'জনকে সমানভাবে ভাগ করে দেবো।

বাঙালী জাতির মধ্যে সম্ভাব্য সমস্ত ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হোক!


EmoticonEmoticon