ভারতের কেরালায় দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট ও বামপন্থী দলগুলির আলোচনা সভা থেকে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ দৃঢ় করার আহ্বান জানানো হলো।
দেশে দেশে শাসকশ্রেণীর জনবিরোধী
নীতির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়েই
সমাজতন্ত্র গঠনের লক্ষ্যে সংগ্রামকে
জোরদার করার কথাও ঘোষিত হলো দলগুলির যৌথ বিবৃতিতে। কোচিতে সি পি আই (এম) আয়োজিত এই আলোচনা সভায় যোগ দিয়েছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, নেপালের কমিউনিস্ট পার্টি (ইউ এমএল), নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র), শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টি, জনতা বিমুক্তি পেরুনামা, সি পি আই এবং সি পি আই (এম)। পাকিস্তান কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা যোগ দিতে না পারলেও তাদের লিখিত অভিমত পাঠিয়েছিলেন।
নভেম্বর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে
‘সাম্রাজ্যবাদ, জাতীয় সার্বভৌমত্ব, সাম্প্রদায়িকতা, ধর্মীয় সংকীর্ণতা’ শীর্ষক এই আলোচনাসভায় সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর থেকে বিশ্ব ভারসাম্য সাম্রাজ্যবাদের পক্ষে চলে যাওয়ার প্রেক্ষিতে জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবার বিষয়ে অভিজ্ঞতা বিনিময় হয়েছে। সভাশেষে রবিবার যৌথ বিবৃতিতে বলা হয়েছে,
লগ্নিপুঁজি পরিচালিত নয়া উদারনীতি জনগণের জীবনজীবিকার ওপরে আক্রমণ নামিয়ে আনছে। প্রাকৃতিক সম্পদ ও বাজারের ওপরে লগ্নিপুঁজি দখলদারি কায়েম করতে চাইছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর ও বিপুল মানবসম্পদে পূর্ণ দক্ষিণ এশিয়া তাদের এই লক্ষ্যে অন্যতম শিকার।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মানব প্রয়াসের সমস্ত ক্ষেত্রে— বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়াক্ষেত্রে সমাজতন্ত্রের অর্জিত সাফল্য ছিলো নজিরবিহীন। দুনিয়াজুড়ে উপনিবেশ-
বিরোধী বহু সংগ্রামকে তা অনুপ্রাণিত করেছে।
ফ্যাসিবাদকে পরাস্ত করার সংগ্রামে সোভিয়েত ইউনিয়ন অগ্রণী ভূমিকা পালন করেছে। এই সংগ্রামে সোভিয়েতের জনগণের ত্যাগস্বীকারকে কোনোদিনই ইতিহাসের পৃষ্ঠা থেকে মুছে দেওয়া যাবে না। সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের বিপর্যয় মার্কসবাদ-লেনিনবাদ বা সমাজতন্ত্রের
আদর্শকে খারিজ করছে না। মানবসভ্যতার ইতিহাসে এবং মানুষের জীবনের গুণগত উৎকর্ষ বৃদ্ধিতে সমাজতন্ত্র নজিরবিহীন ভূমিকা পালন করেছে। এখনও তা প্রাসঙ্গিক, এখনও তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়েই সাম্রাজ্যবাদ হস্তক্ষেপ করতে পারে না। সার্বভৌমত্ব প্রত্যেক দেশেরঅধিকার ।
EmoticonEmoticon