শনিবার, ২ জুন, ২০১৮

অপ্রস্তুত জাতির জাতিরাষ্ট্র পাওয়া প্রসঙ্গে...

বিশ্বের কোনো কোনো জাতি একটি জাতিরাষ্ট্রে সংগঠিত হওয়ার মতো যোগ্য  হয়ে ওঠার আগেই 'রিপাবলিক' তৈরির ঘোষণা দিয়ে একটি অনতিক্রম্য দুষ্টচক্রে আটকা পড়ে গিয়েছে। আমার ধারণা, সাধারণতঃ রিপাবলিক চালানোর মতো পূর্বগামী সংস্কৃতি ও দক্ষতা অর্জন না করার কারণে তা হয়ে থাকে।

একটি বিশেষ পরিস্থতিতে ঔপনিবেশিক রাষ্ট্রের ব্যর্থতার ফলে উপনিবেশিত দেশ ও জাতির মধ্যে যে হঠাৎ শূন্যতা তৈরি হয়, তা পূরণ করতে পারার মতো সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক প্রেষণা ও যোগ্যতা না থাকা সত্ত্বেও একটি জাতি যখন একটি জাতিরাষ্ট্র তৈরি করে, তা একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে সংশ্লিষ্ট জাতির কল্যাণের চেয়েও অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়।

একটি রিপাবলিককে যেখানে সংজ্ঞানুসারে হতে হয় গণতান্ত্রিক, সে রিপাবলিকের নাগরিকগণ যদি গণতান্ত্রিক সংস্কৃতির ধারক না হয়, তাদের পক্ষে রিপাবলিক চালানো সম্ভব নয়। বস্তুতঃ তারা নাগরিকও হয়ে ওঠে না। এটি একটি সহজবোধ্য ও স্বতঃসিদ্ধ সত্য।

উপনিবেশিত জাতির লোকেদের কাছে রাষ্ট্রটা একটি অনৈচ্ছিক ও আরোপিত প্রতিষ্ঠান বিধায়, তারা নিজেদেরকে সঙ্গত কারণেই প্রজা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। আর, এই প্রজারা যদি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রিপাবলিক গঠনের প্রয়োজনীয়তা অনুভব না করে হঠাৎ একটি জাতিরাষ্ট্র পেয়ে যায়, সেই রাষ্ট্রে তারা প্রজা হিসেবেই আচরণ করে ও আচরিত হয়ে থাকে।

বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে পাকিস্তানী প্রায়-ঔপনিবেশিক রাষ্ট্র কর্তৃক হঠাৎ চাপিয়ে দেওয়া গণহত্যার অভিঘাতে সৃষ্ট পরিবেশে কার্যতঃ কোনো  নেতৃত্ব ও পরিকল্পনা ছাড়াই রিপাবলিক গঠন করে। এই রিপাবলিক গঠন পূর্ব-পরিকল্পনার অংশ ছিলো না বলেই, এই জাতির শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় স্বয়ং উপস্থিত থাকা প্রয়োজনীয় মনে করেননি।

সমস্যার শুরু সেখান থেকেই, যার স্বরূপ জানা জরুরি। কিন্তু মুশকিল হলো, সমস্যার স্বরূপ জানার আগ্রহী মানুষের ভয়াবহ অভাব রয়েছে এই জাতির মধ্যে।

বাঙালী জাতি বড়ো কবি-সাহিত্যিক জন্ম দিয়েছে বটে। কিন্তু রাজনৈতিক-দার্শনিকের জন্ম দিতে পারেনি একটিও। লক্ষ করছি, রাষ্ট্র ও রাজনীতি নিয়ে যারা লেখালেখি করেন, তাদের প্রায় সবাই কাব্য-মনস্ক আবেগী রচনা লিখে আবেগাপ্লুত ভক্তকূল তৈরি করে আত্মতৃপ্তি লাভ করে থাকেন।

আমি মনে করি, উপরে আলোচিত অনতিক্রম্য দুষ্টচক্র ভাঙ্গার জন্যে বাঙালী জাতির প্রয়োজন একদল সাহসী, নির্লোভ, বুদ্ধিমান, চিন্তাশীল ও সৃষ্টিশীল লেখক, যারা বাংলায় গদ্য লিখে এই জাতির মধ্যে একটি নব-জাগরণ তৈরি করার দায়িত্ব নেবেন। আমি এদেরকে বলি 'এ্যান আর্মি অফ নিউ জেনারেশন রাইটার্স'!


EmoticonEmoticon