দয়াকরে শেখ মুজিবুর রহমানকে বুঝাতে 'শেখ হাসিনা এর পিতা' (Sheikh Hasina is his father) না লিখে 'শেখ হাসিনার পিতা' (He is Sheikh Hasina's father) লিখুন। একইভাবে, জিয়াউর রহমানকে বুঝাতে 'খালেদা জিয়া এর স্বামী' (Khaleda Zia is his husband) না লিখে 'খালেদা জিয়ার স্বামী' (He is Khaleda Zia's husband) লিখুন।
আজকাল, শুধু ফেইসবুকের পৌষ্টিংয়ে নয়, রাজনৈতিক দলের লেখালেখি ও ব্যানারে পর্যন্ত 'এর' অপব্যবহার দেখে আমি রীতিমতো শঙ্কিত। তাই, বাংলাভাষার এক নিরীহ সেবক হিসেবে 'এর' অপব্যহার নিয়ে আমাকে লিখতে হচ্ছে।
দয়াকরে বুঝুন, স্বতন্ত্র শব্দ হিসেবে 'এর' একটি পদ - সর্বনাম পদ - যার অর্থ সাধুভাষায় 'ইহার' (its) বা 'তাহার' (his/her)। কিন্তু বিশেষ্য পদের সাথে সংযুক্ত 'এর' ধ্বনি হচ্ছে একটি বিভক্তি। এই দু'টির মধ্যে পার্থক্য না বুঝে বাক্যে 'এর' ব্যবহার করা হলে অর্থের সাঙ্ঘাতিক বিভ্রাট ঘটতে পারে।
অতিরিক্ত উদাহরণ স্বরূপ, 'রামের স্ত্রী' ও 'রাম এর স্ত্রী' বাক্যে দু'টির মধ্যে গুরুতর পার্থক্য রয়েছে। নীচের অনুচ্ছেদগুলোতে এই পার্থক্য ব্যাখ্যা করা হলো। দয়াকরে লক্ষ করুন।
প্রথম বাক্যে রাম সর্বনামের সাথে 'এর' বিভক্তি যুক্ত হয়ে 'রামের স্ত্রী' সীতাকে নির্দেশ করা হচ্ছে। এখানে রাম স্বামী।
দ্বিতীয় বাক্যে 'রাম' পদের পর স্বতন্ত্র 'এর' দ্বারা 'তাহার' বুঝানো হচ্ছে। ফলে, 'রাম এর স্ত্রী' দ্বারা রাম স্বয়ং অন্য এক ব্যক্তির স্ত্রী হিসেবে নির্দেশিত হয়ে যাচ্ছে।
বুঝতেই পারছেন, 'এর' ভ্রান্ত প্রয়োগের কারণে দ্বিতীয় বাক্যে অর্থের সাংঘাতিক বিপর্যয় ঘটেছে, কারণ রাম সমকামী ছিলেন না এবং তাঁর পক্ষে কারও স্ত্রী হওয়া অসম্ভব। সুতরাং দয়াকরে 'এর' অপব্যবহার সম্পর্কে সচেতন হোন!
বাংলা শব্দভাণ্ডারে অন্তর্ভুক্ত না-হওয়া বিদেশী শব্দের ব্যবহারে, কিংবা কোনো শব্দকে উদ্ধৃতি চিহ্ন সহযোগে উপস্থাপন করে, তার সাথে বিভক্তি যোগ করার ক্ষেত্রে 'এর' ব্যাবহার করা যেতে পারে। কিন্তু উচ্চারণে যাতে কোনো প্রকারের 'ফাঁক' তৈরি নয় হয়, তা নিশ্চিত করার জন্যে অতি-অবশ্যই একটি 'হাইফেন' (-) যুক্ত করতে হবে।
যেমন, বঙ্গদেশে আজকাল বহু বাঙালী 'ফরেইনার'-এর দেখা পাই, যারা 'র'-এর উচ্চারণ 'ড়'-এর মতো করে 'আমাদেড় ভাষাড় বাড়োটা বাজাচ্ছে!'
EmoticonEmoticon