শেখ হাসিনা, আপনার মতো আমিও ধর্ম-অবমাননার বিরুদ্ধে। যারা নাস্তিকতার নামে ধর্মের অপমান করে, আমি তাদের বিরুদ্ধে লড়ি। কিন্তু আমার এ-লড়াই'র ভিত্তি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যা বাংলাদেশের জন্মের প্রতিশ্রুতি 'সাম্য' নীতির অন্তর্নিহিত এবং প্রথম সংবিধানের মূলনীতির অন্যতম।
আপনার ব্যক্তিগত ধর্মবিশ্বাস ও চর্চা আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনি যখন বলেন "আমাদের ধর্ম ইসলাম ধর্ম" (প্রথম আলো, ০৪/১১/২০১৮), তখন আপনি বাঙালী জাতিকে নয়, বাঙালী জাতির অন্তর্গত আপনার নিজের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। আপনার এই বিবৃতি বাঙালী জাতির তরফে হতে পারে না।
বাঙালী জাতির মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তারপর আছে হিন্দু, আছে বৌদ্ধ, আছে জৈন, আছে ক্রিশ্চিয়ান, আছে বাউল (যারা একে ধর্ম মানে), আছে আরও অনেক ধর্মীয় বিশ্বাস ও অবিশ্বাসের লোক।
বাংলাদেশ রিপাবলিকটি একটি ধর্মনিরপেক্ষ রিপাবলিক হিসেবে ১৯৭১ সালে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে যুদ্ধ করে হয়েছে। দেশের জন্যে প্রাণদানকারী শুধু মুসলমানই ছিলেন না, নানা ধর্ম ও বিশ্বাস-অবিশ্বাসের মানুষ ছিলেন।
আপনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ পরিচয় উর্ধ্বে তুলে না ধরে এর ইসলামিক পরিচয় গড়ে তোলার চেষ্টা করছেন। এটি করার মধ্য দিয়ে আপনি বস্তুতঃ মুক্তিযুদ্ধের চেতনা-বিরোধী কাজ করছেন।
EmoticonEmoticon