একটি 'সমাজতান্ত্রিক' নামের ও একটি 'কমিউনিষ্ট' নামের দলকে 'তথাকথিত বাম' বলাতে অনেকে প্রশ্ন করেছেন, তাদেরকে এমনটি বলেছি কেনো।
কোনো কিছুর পরিচয় তার নামে সঠিকভাবে প্রকাশিত না হওয়ার কারণে কেউ যদি ভিন্নমত পোষণ করেন, তিনি সে নামের আগে ইংরেজীতে 'so-called' এবং বাংলায় 'তথাকথিত' বলতে বা লিখতে পারেন।
বাংলা 'সংসদ' অভিধানে 'তথাকথিত' শব্দের অর্থ হিসেবে বলা হয়েছে, "উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যথার্থতা বিষয়ে সন্দেহ আছে।"
Oxford Dictionary-তে 'so-called'-এর সংজ্ঞায় বলা হয়েছে, "used to express one's view that such a name or term is inappropriate." - অর্থাৎ, তথাকথিত শব্দটি ব্যবহৃত হয় একজনের এই মত প্রকাশার্থে যে এহেন নামটি সঠিক নয়।
'তথাকথিত' শব্দের দ্বারা একটি নাম বা পরিচয়ের প্রতি বক্তার অস্বীকৃতি নির্দেশিত হয়। এটি কোনো গালি নয়।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, ইতিপূর্বে আমি অন্যত্র লিখেছি যে, 'বাম' একটি অস্পষ্ট, আবছা, বিভ্রান্তিকর শব্দ, যার দ্বারা জনগণতো বটেই, এমনকি 'বাম' দাবীদার অনেকেই বলতে পারে না এর অর্থ কী।
আমার প্রস্তাব ছিলো, যারা পুঁজিবাদী আর্থ-সামাজিক কাঠামো পরিবর্তন করে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চান, তাদের উচিত নিজেদেরকে সমাজতন্ত্রী পরিচয় দিয়ে, সমাজতান্ত্রিক কর্মসূচি ঘোষণা ও ব্যাখ্যা করে, সমাজতন্ত্রের নামে রাজনীতি করা। তাতে, জনগণ বুঝতে পারে দলগুলো কী চায় এবং সে-চাওয়াটা আসলে কী।
এই পৌষ্টে উদাহরণ হিসেবে আমি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির আজকের তারিখে অনুষ্ঠিত একটি সম্মেলনের পৌষ্টার অন্তর্ভুক্ত করলাম। লক্ষ করুন, এই পৌষ্টারে পুঁজিবাদের বিরুদ্ধে কোনো কথা নেই; তারা যে সমাজতন্ত্রের জন্যে লড়ছে, তার কোনো উল্লেখ নেই; এখানে 'বাম-গণতান্ত্রিক বিকল্প' গড়ে তোলার কথা বলা হয়েছে। এর অর্থ কী?
পাঠক, নিজেই নিজেকে নিষ্ঠার সাথে জিজ্ঞেস করুনঃ বাংলাদেশের মানুষ যে 'বাম-গণতান্ত্রিক বিকল্প' গড়ে তুলবে, এই 'বাম-গণতান্ত্রিক বিকল্প' বিষয়টি কী? কী প্রকারের আর্থ-সামাজিক ব্যবস্থা এটি? এতে জনগণের কী হবে?
এই যখন 'বাম', তখন আমার লেখায় 'তথাকথিত বাম' শব্দজোটের ব্যবহার যথার্থ বলেই আমি মনে করি ও দাবী করি।

EmoticonEmoticon